কুষ্টিয়ায় পাউবো অফিসে গুলি করে পালালো মুখোশধারীরা

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয়কে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় গুলি ছোড়ার পর দৌড়তে দৌড়তে গড়াই নদীতে গিয়ে নৌকা করে পালাচ্ছে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তরা। এমন একটি ২৪ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিও নিয়ে ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। চলছে আলোচনা-সমালোচনা। তবে ওই ভিডিওটি কে বা কার মোবাইলে ধারণ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এরআগে গত রবিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে সীমানা প্রাচীর সংলগ্ন এলাকা থেকে কার্যালয়কে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলির বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও কার্যালয় চত্বরে চলা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কর্মী সমাবেশের নেতৃবৃন্দের মাঝে। এ ঘটনার পর সেখানে পরিদর্শন করেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। তবে কারা এবং কেন এঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

কারণ উদঘাটনে কাজ করছে পুলিশের কয়েকটি টিম। পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, সীমানা প্রাচীরের বাইরে থেকে গতকাল দুপুরের দিকে দুর্বৃত্তরা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। কে বা কারা এঘটনা ঘটিয়েছে এটি ধারণা করতে পারছি না। বিষয়টি পুলিশ তদন্ত করছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, গতকাল পানি উন্নয়ন বোর্ড কার্যালয়কে লক্ষ্য করে গুলির ঘটনা তদন্ত করতে কাজ করছে পুলিশের কয়েকটি টিম। ওই ভিডিওটি আমরাও দেখেছি। সেখানে দেখা যাচ্ছে দৌড়তে দৌড়তে গড়াই নদী দিয়ে নৌকা যোগে পালাচ্ছে কয়েকজন মুখোশধারী দূর্বৃত্ত। এ ঘটনায় থানায় কেউই লিখিত অভিযোগ দেয়নি। তবুও পুরো ঘটনা তদন্ত করতে আমাদের কাজ অব্যাহত রয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই ভিডিওটি দেখে যাচাই-বাছাই এর কাজ করছে পুলিশ। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এ ঘটনার পেক্ষিতে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।