২০২৫–২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে। ওই দিন অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এরপর এক সপ্তাহ অন্তর বাকি দুটি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল এবং ১০ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের, ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। তবে আবেদন শুরুর তারিখ পরবর্তী সভায় নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
সভায় ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান স্বাগত বক্তব্য দেন। এ সময় সচিব ড. মো. ফখরুল ইসলামসহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।



