খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে ঘরে ঢুকে নুরুন নাহার বেগম নামের এক নারীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ভাতিজি খাদিজা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে।
নিহত নুরুন নাহার বেগম (৫০) গ্রামের আব্দুল গফুরের প্রাক্তন স্ত্রী। আহত খাদিজা বেগম (১৬) আব্দুল মতিনের মেয়ে ও পল্লীবালা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা নুরুন নাহারের ঘরে প্রবেশ করে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। নুরুন নাহার ও তার ভাতিজিকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে নুরুন নাহার মারা যান। গুরুতর আহত খাদিজাকে পরে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহতের ভাই আব্দুল মতিন জানান, রাত ৩টার দিকে ছোট ভাইয়ের স্ত্রী মীম আক্তারের ফোন পেয়ে গিয়ে দেখেন, বোনকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং মেয়েকেও গুরুতরভাবে আহত করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ওসি নাজমুল কাদের জানান, নুরুন নাহারের মরদেহের ময়নাতদন্ত চলছে। আহত খাদিজা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সুস্থ হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার কারণ জানা যাবে। এখনো কোনো মামলা হয়নি, তবে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানান তিনি। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
খবরওয়ালা/টিএসএন