ঘোষণা শুনেই বাজারে বাড়ল খোলা তেলের দাম

ব্যবসায়ীদের প্রস্তাবের পর সোমবার (২২ সেপ্টেম্বর) সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কত টাকা বাড়ানো হবে, তা নির্ধারণের জন্য তাদের সংগঠনের সঙ্গে বসে সপ্তাহখানেকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

তবে ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই বাজারে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম বেড়ে গেছে। গত তিন-চার দিনের ব্যবধানে এই দুই ধরনের তেলের দাম লিটারপ্রতি প্রায় পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৭২ টাকায়। আর সুপার পাম অয়েল লিটারপ্রতি বিক্রি হয়েছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। চার দিন আগে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ছিল ১৬৯ টাকা, আর পাম অয়েল ১৫০ টাকায়।

সম্প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে দাম বাড়ানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী কোম্পানিগুলো। এর আগেই বাজারে খুচরা ব্যবসায়ীরা তেলের দাম বাড়িয়েছেন।

খুচরা ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানিয়েছেন, পাইকারিতে মূল্যবৃদ্ধির কারণে খুচরা বাজারেও খোলা তেলের দাম বেড়েছে। তিন-চার দিনের ব্যবধানে প্রতি ড্রাম (২০৪ লিটার) খোলা সয়াবিন তেলের দাম ৩২ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩৪ হাজার ৪০০ টাকা। প্রতি ড্রাম খোলা সুপার পাম অয়েলের দাম বেড়ে হয়েছে ২৯ হাজার টাকা থেকে ৩১ হাজার টাকা।

এদিকে বোতলজাত তেলের দাম খুচরা পর্যায়ে এখনও বাড়ানো হয়নি, তবে পাইকারিতে ৫০ থেকে ৬০ টাকার মতো বৃদ্ধি এসেছে। এর আগে ৩ আগস্ট থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারিত ছিল প্রতি লিটার ১৮৯, পাঁচ লিটার ৯২২ টাকা, খোলা সয়াবিনের দাম ১৬৯ এবং পাম অয়েলের দাম ১৫০ টাকা।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।