আসিফুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে একদল তরুণ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার হাজারী লেনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার আসিফুর চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির সামনের রাস্তায় ছাত্রলীগের এক নেতাকে ধরে লোকজন পুলিশের কাছে ফোন করলে তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না সেটা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে আসিফুর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে দিয়ে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকজন তাকে চিনতে পেরে গতিরোধ করেন। এ সময় স্থানীয় লোকজনও সংঘবদ্ধ হয়ে তাকে ধরে বেধড়ক মারধর করে।
খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। আসিফুরকে আহত অবস্থায় লোকজন পুলিশের গাড়িতে তুলে দেয়। বর্তমানে কোতোয়ালি থানায় আছেন তিনি।
খবরওয়ালা/আশ



