খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
সিলেটের কোম্পানীগঞ্জ প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়ে চাঁদাবাজদের হাতে অপহৃত প্রেমিক। ফিল্মি স্টাইলে অপহৃত প্রেমিককে উদ্ধার করে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার হাইটেক পার্ক সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, উপজেলার গৌরিনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জুবায়ের হোসেন (২৫) ও লোভাহাওর গ্রামের ওহাব আলীর ছেলে জয়নুদ্দিন ওরফে জয়নুল (৪২)।
জানা গেছে, উপজেলার হাইটেক পার্কে প্রেমিকাকে নিয়ে ঘুরতে আসে প্রেমিক সাহেদ আহমদ (২১)। এসময় জুবায়ের ও জয়নুল তার কাছে চাঁদা দাবি করে। কিন্তু সাহেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে সাহেদকে জোড়পূর্বক সিএনজি চালিত অটোরিকশায় করে অপহরণ করে চাঁদাবাজরা।
সাহেদকে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে পুলিশের চেকপোস্টের কাছে আসলে বাঁচাও বাঁচাও সে চিৎকার করে। তাৎক্ষনিক ঘটনাটি বুঝতে পেরে পুলিশ সিএনজির পিছু নিয়ে ভিকটিমকে উদ্ধার করে। অপহরণকারী দুইজনকে আটক করে।
জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন সেখ বলেন, অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপহরণকারীদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/এমইউ