চালের দাম কমলেও মুরগিসহ সবজির বাজারে আগুন

বোরো ধানের নতুন চাল বাজারে আসায় এতে মিনিকেট চালের দাম কেজিতে ১০ থেকে ১২ টাকা কমেছে। তবে বাজারে কিছু সবজি, ব্রয়লার মুরগি ও পেঁয়াজের দাম চড়া রয়েছে। এর সঙ্গে ফার্মের মুরগির ডিমের দামও কিছুটা বেড়েছে।

শুক্রবার (৯ মে) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও হাতিরপুল বাজার, পল্লবীর মুসলিম বাজার, বউবাজার, মিরপুর ১১ নম্বর কাঁচাবাজার ঘুরে ক্রেতা–বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, খুচরা দোকানে ডায়মন্ড, মঞ্জুর, রশিদ প্রভৃতি ব্র্যান্ডের নতুন মিনিকেট চাল কেজিপ্রতি ৭৫ থেকে ৭৮ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগেও এই চালের কেজি ৮৮ থেকে ৯০ টাকার আশপাশে ছিল। সাগর মিনিকেটের দামও ৭৮ থেকে কমে ৭৫ টাকা হয়েছে। তবে অন্যান্য চালের দাম অপরিবর্তিত রয়েছে।

বিক্রেতারা জানান, বাজারে নতুন মিনিকেট চাল আসায় দাম কমেছে। মিনিকেট হিসেবে পরিচিত ছাঁটাই করা চাল মূলত; বোরো ধান থেকে তৈরি করা হয়। এখন এই ধানের মৌসুম। ফলে দাম কমেছে।

কমদামি সবজি হিসেবে পরিচিত প্রতিকেজি পেঁপে এখন ৮০ টাকা। করলা, বরবটি, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল, পটল, লতি, ঢ্যাঁড়স প্রভৃতি সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু, কাঁচকলা, মিষ্টিকুমড়ার মতো কয়েকটি ছাড়া ৫০ টাকার নিচে কোনো সবজি এখন কেনা যায় না। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।

দুই সপ্তাহ ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালি মুরগি। এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা ও ধরনভেদে সোনালি মুরগি ২৬০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে কেজিতে ২০ থেকে ৩০ টাকা কম ছিল। এ ছাড়া ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম ডজনে ৫ টাকা বেড়ে ১৩০ থেকে ১৩৫ টাকা হয়েছে।

বাজারে পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। ঢাকার বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। পাড়া-মহল্লায় এ দাম আরেকটু বেশি। মাসখানেক আগে পেঁয়াজের কেজি ছিল ৩০ থেকে ৪০ টাকা।

এ ছাড়া মাছ ও মাংসের দাম অনেকটা আগের মতোই রয়েছে। গতকাল খুচরা বাজারে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ থেকে ৭৫০ টাকা ও খাসির মাংস এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছের মধ্যে প্রতি কেজি চাষের কই ৩০০ থেকে ৩২০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২৫০ টাকা, রুই ৩৫০ থেকে ৪০০ টাকা ও পাবদা ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম কিছুটা বেড়েছে। প্রতি ডজন ডিম ৫ টাকা পর্যন্ত বেড়ে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারে ডিম ব্যবসায়ী সবুজ আহমেদ বলেন, দাম একটু বেশি, আমরা এখন বেশি দামে ডিম কিনছি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।