ট্রাফিক জ্যাম জীবন বাঁচালো সেই বিধ্বস্ত ফ্লাইটের আরেক যাত্রীর

লন্ডন যাওয়ার পথে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। ফ্লাইটের যাত্রী ও ক্রু সদস্য মিলিয়ে ২৪২ জনের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মাত্র একজনই জীবিত রয়েছেন।

সেই ফ্লাইটে থাকার কথা ছিল ভূমি চৌহান (৩০) নামের এক নারীর। তবে তিনি যানজটের কারণে সেই বিমানের ফ্লাইট মিস করেছেন। নির্ধারিত বিমান মিস হওয়ায় তিনি খুবই হতাশ হয়ে পড়েছিলেন। তবে বিধ্বস্ত হওয়ার খবর শুনে কিছুক্ষণ পরই প্রাণে বাঁচায় ভাগ্যকে ধন্যবাদ জানান তিনি।

অঙ্কলেশ্বরের বাসিন্দা ভূমি চৌহান সড়কপথে আহমেদাবাদের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন।

তিনি বলেন, ‘আমরা সময় মতো আহমেদাবাদ পৌঁছালেও শহরের ট্রাফিক জ্যামের কারণে আমি পাঁচ মিনিট দেরিতে বিমানবন্দরে পৌঁছাই। তাই আমাকে ঢুকতে দেওয়া হয়নি। প্রথমে এই ভেবে খুব খারাপ লেগেছিল, টিকিটের টাকা নষ্ট হয়েছে। হয়ত চাকরি হারাতে পারি। কিন্তু এখন আমি কৃতজ্ঞ। টাকা হয়তো নষ্ট হয়েছে, কিন্তু জীবন বেঁচে গিয়েছে।’

পড়াশোনার জন্য যুক্তরাজ্যে পাড়ি দিয়েছিলেন চৌহান। বছর দুয়েক আগে ব্রিস্টলের বাসিন্দা কেওয়াল চৌহানকে বিয়ে করেন তিনি। যানজটে আটকে থাকাকালীন অনলাইনে ফ্লাইটের জন্য ‘চেক-ইন’ করেছিলেন মিজ চৌহান।

ভূমি চৌহান বলেন, ‘এয়ার ইন্ডিয়ার কর্মীরা বলেছিলেন, আমি দেরি করেছি। ইমিগ্রেশন হয়ে গিয়েছে, বোর্ডিং প্রক্রিয়াও শেষ। আমি তাদের অনুরোধ করেছিলাম। বলেছিলাম, আমি চাকরি হারাতে পারি। টিকিটের টাকাও নষ্ট হবে। কিন্তু কেউ শোনেনি।’

এর পরে, তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান। ফেরার সময় চা খাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়েই দুর্ঘটনার খবর পান।

তিনি বলেন, ‘আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। ট্রাভেল এজেন্টের সাথে আলোচনা করছিলাম, কীভাবে টাকা ফেরত পাওয়া যায়। সেই সময় ফোন আসে। জানতে পারি, আমি যে বিমানটিতে যাওয়ার কথা ছিল, সেটি ক্র্যাশ করেছে। এরপর আমরা সঙ্গে সঙ্গে মন্দিরে গিয়ে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই। আহমেদাবাদের ট্রাফিক জ্যাম আমার জীবন বাঁচিয়েছে।’

তিনি বলেন, ‘প্রাণের ক্ষতির কথা শুনে আমি পুরোপুরি ভেঙে পড়েছি। আমার শরীর আক্ষরিক অর্থেই কাঁপছে। আমি কথা বলতে পারছি না। যা ঘটেছে তা শুনে এখন আমার মন একেবারে শূন্য।’

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।