নদীতে মিলল দুর্নীতি নিয়ে প্রতিবেদন করা সাংবাদিকের লাশ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি নদী থেকে রাজীব প্রতাপ (৩৬) নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) ভাগীরথী নদীর যোশিয়ারা জলবিদ্যুৎ বাঁধ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজীব ‘দিল্লি উত্তরাখন্ড লাইভ’ নামে একটি ইউটিউব নিউজ চ্যানেল চালাতেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার বলছে, রাজীব নিয়মিত দুর্নীতি নিয়ে খবর করতেন। মৃত্যুর আগে সর্বশেষ ১৯ সেপ্টেম্বর তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। সেদিনই তাঁর গাড়িটি ভাগীরথী নদীর কাছে পাওয়া যায়। এর ৯ দিন পর রাজীবের মরদেহ নদীর ভাটিতে যোশিয়ারা জলবিদ্যুৎ বাঁধ থেকে উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে দাবি করেছিল, গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। তবে পরিবার বলছে, এটি ‘হত্যাকাণ্ড’।

রাজীবের স্ত্রী মুসকানকে উদ্ধৃত করে দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘তিনি আমাকে বলেছিলেন, একটি হাসপাতাল ও একটি স্কুল নিয়ে তাঁর করা প্রতিবেদনের (যা তিনি তাঁর ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন) পর তিনি অস্বস্তিতে ছিলেন। তিনি বলেছিলেন, অনেকে তাঁকে ফোন করে ভিডিওগুলো সরিয়ে না নিলে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। রাত ১১টা ৫০ মিনিটে আমি একটি মেসেজ পাঠাই, কিন্তু সেটি ডেলিভারি হয়নি। তাঁকে কেউ অপহরণ করেছে। আমি নিশ্চিত, তিনি শুধু রাস্তা থেকে পড়ে যাননি।’

রাজীবের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী প্রতিবেদনগুলোর মধ্যে উত্তরাখন্ডের একটি হাসপাতালে মদ্যপানের ঘটনা ও হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে ছিল।

উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সাংবাদিক রাজীবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে ভারতের সংবাদমাধ্যমগুলো এ ঘটনার স্বচ্ছতা দাবি করেছে।

দ্য ন্যাশনাল অ্যালায়েন্স অব জার্নালিস্টস, দ্য দিল্লি ইউনিয়ন অব জার্নালিস্টস ও কেরালা ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস (দিল্লি ইউনিট) সবাই হত্যাকাণ্ডের জরুরি তদন্তের দাবি জানিয়েছে।

কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের ভারত প্রতিনিধি কুনাল মজুমদার বলেছেন, উত্তরাখন্ড কর্তৃপক্ষের উচিত নয় রাজীব প্রতাপের মৃত্যুর সম্ভাব্য কারণগুলো এড়িয়ে যাওয়া। তাঁর পরিবারের গুরুতর অভিযোগকেও গুরুত্ব দেওয়া উচিত—তাঁকে তাঁর সাংবাদিকতার জন্য লক্ষ্যবস্তু করা হয়েছিল।

কুনাল মজুমদার বলেন, পুলিশের প্রাথমিক সিদ্ধান্তে বলা হয়েছিল, রাজীব গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু তাঁকে দেওয়া হুমকির কঠোর তদন্ত হওয়া উচিত। যারা সাংবাদিকদের হুমকি দেয়, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।