নরসিংদীতে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের আলীনগরে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে রাজন শিকদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছে।

শুক্রবার (২ মে) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাজন পাড়াতলী ইউনিয়নের আলীনগর এলাকার ফজলু মিয়ার ছেলে ও সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজনের ভাই রাসেল মিয়া।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৭ এপ্রিল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে রাজন। বিকেলে সহপাঠীদের সঙ্গে আলীনগর বাজার মোড়ে কেরাম খেলছিল সে। এসময় ওই ইউনিয়নের মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে ঝগড়া হয় বাঁশগাড়ী এলাকার এক অটোরিকশাচালকের। ঝগড়া থামাতে এগিয়ে আসে রাজনসহ আশপাশের লোকজন। পরিস্থিতি শান্ত হলে অটোরিকশাচালককে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়; কিন্তু জাহাঙ্গীর ও তার অনুসারীরা বিষয়টি সহজভাবে নেয়নি।

সন্ধ্যায় জাহাঙ্গীরের নেতৃত্বে তার দলবল আলীনগরে একটি দোকানে হামলা চালায়। সেখানে রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। হামলায় গুরুতর আহত রাজনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার (১ মে) অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়, শেষপর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের ভাই রাসেল মিয়া বলেন, ‘সেদিন আমার বিকাশের দোকানেও হামলা চালানো হয়। দোকান ভাঙচুর এবং নগদ টাকা লুট করে নেয় হামলাকারীরা। এসময় আমার ভাই রাজনকে পিটিয়ে গুরুতর আহত করে।’

অভিযুক্ত জাহাঙ্গীর ও তার লোকজন বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ বলেন, ‘এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার বিস্তারিত জানি না। নিহতের স্বজনরা থানায় অভিযোগ দিতে যোগাযোগ করেছেন।’

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাজনের মৃত্যুতে সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকার মানুষ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।