পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় চলছে সকাল-সন্ধা হরতাল

পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসনটি পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায় আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বানে সকাল ৬টায় শুরু হওয়া এই হরতাল সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে। 

হরতাল চলাকালে বেড়া পৌর এলাকার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং যানবাহন চলাচলও বন্ধ আছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বেড়ায় সর্বদলীয় সংগ্রাম কমিটির অস্থায়ী কার্যালয়ে আলহাজ ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই হরতালের ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করে। এতে সাঁথিয়া এবং বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন হিসেবে রাখা হয়। অন্যদিকে, পাবনা-২ আসনের (সুজানগর ও বেড়া উপজেলার একাংশ) সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়েছে।

এই সিদ্ধান্তের পর বেড়া উপজেলাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তারা পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে গত ৭ সেপ্টেম্বর সকালে ঢাকা-পাবনা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন।

আন্দোলনকারীরা বলেন, “সম্পূর্ণ অন্যায়ভাবে শুধু সাঁথিয়া উপজেলাকে নিয়ে পাবনা-১ আসন আলাদা করা হয়েছে। আর বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্য সবকিছু সাঁথিয়ার সঙ্গে সম্পর্কিত। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”

বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, “আমরা গত ৫০ বছর ধরে পাবনা-১ আসন হিসেবে সাঁথিয়ার সঙ্গে বেড়া উপজেলা মিলেমিশে আছি। দেশের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ আসন। অথচ কী কারণে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দিয়ে আমাদের পাবনা-২ আসনের সঙ্গে দেওয়া হলো তা আমাদের কাছে বোধগম্য নয়। আমরা এটা মানি না। অবিলম্বে গেজেট বাতিল করে পাবনা-১ আসনকে পুনর্বহাল করতে হবে।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।