পুকুরে জাল ফেলে তোলা হলো দুই শিশুর মরদেহ

নোয়াখালীতে পুকুরের পানিতে ডুবে মো.ইব্রাহীম (৪) ও নাদিম হোসেন (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে সেই পুকুরে জাল ফেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রবিউল লালের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম ওই এলাকার মো. আবু সুফিয়ানের ছেলে ও নাদিম  মো. শরীফের ছেলে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই শিশু বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে দুজন পাশের পুকুরে পড়ে যায়। একপর্যায়ে তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে নিখোঁজ শিশুদের সন্ধানে পুকুরে জাল ফেলে তাদের লাশ পাওয়া যায়। তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.মো.সাহাদাত হোসেন সাগর বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। তাদের ভাষ্যমতে, পানিতে ডুবে ওই শিশুদের মৃত্যু হয়।

এ নিয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।