ফরিদপুরে নারীকে গণধর্ষণের পর হত্যা মামলায় ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরের সদরপুরে এক নারীকে গণধর্ষণের পর হত্যা মামলায় আদালত ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড ও দুজনকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দেড় লাখ টাকা করে অর্থদণ্ড এবং ৫ বছর কারাদণ্ডপ্রাপ্ত দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্রাপ্ত চারজন আদালতে উপস্থিত ছিলেন এবং রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়। পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার চর দড়িকৃষ্ণপুর গ্রামের সামচু বেপারীর মেয়ে মাফুজা (২৫) তার সৎ বোনের স্বামী জাহাঙ্গীর বেপারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে এবং মাফুজা গর্ভবতী হন। বিষয়টি জানাজানি হলে জাহাঙ্গীরের ওপর পরিবারের পক্ষ থেকে চাপ সৃষ্টি হয়।

২০১২ সালের ১ অক্টোবর রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে জাহাঙ্গীর, কামরুল, আলী ও বক্কার মাফুজার ঘরে প্রবেশ করে তাকে গণধর্ষণ করে এবং পরে শ্বাসরোধে হত্যা করে।

এরপর মাফুজার মা জেলেখা বেগম ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য ও শুনানি শেষে বৃহস্পতিবার আদালত এই মামলার রায় ঘোষণা করে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, “এ রায়ে আমরা সন্তুষ্ট।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।