খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
এশিয়া কাপে ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও লজ্জাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ইতিহাসে প্রথমবারের মতো আফগানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানের বিশাল ব্যবধানে হারে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
এই ব্যর্থতায় ক্ষুব্ধ সমর্থকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বুধবার দেশে ফেরার পর বিমানবন্দরে ক্রিকেটারদের মুখোমুখি হতে হয় সমর্থকদের তোপের। ক্ষোভে ফুঁসে ওঠা দর্শকরা দুয়োধ্বনি দিতে থাকেন, এমনকি নাইম শেখ ও তাওহিদ হৃদয়সহ কয়েকজন ক্রিকেটারের গাড়ির ওপরও হামলা হয়।
ক্রিকেটারদের ওপর এমন আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করেন, দেশের হয়ে খেলা খেলোয়াড়দের সঙ্গে এমন ব্যবহার অনুচিত; আবার অনেকে সমর্থকদের ক্ষোভকে স্বাভাবিক বলে মন্তব্য করছেন।
বিমানবন্দরে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন ওপেনার নাইম শেখ। সেখানে তিনি লেখেন—
‘আসসালামু আলাইকুম।
আমরা যারা মাঠে নামি, শুধু খেলি না, দেশের নামটা বুকে নিয়েই নামি। লাল-সবুজ পতাকা শুধু শরীরে নয়, রক্তে মিশে আছে। প্রতিটি বল, প্রতিটি রান, প্রতিটি নিঃশ্বাসে চেষ্টা করি দেশকে গর্বিত করতে।
হ্যাঁ, কখনো সফল হই, কখনো ব্যর্থ হই—এটাই খেলাধুলার স্বাভাবিকতা। আমরা হেরে গেলে আপনাদের কষ্ট হয়, রাগ হয়—কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।
কিন্তু আজ যেভাবে ঘৃণা ও আক্রমণের মুখে পড়েছি, তা কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু দেশের প্রতি ভালোবাসা বা প্রচেষ্টায় ঘাটতি রাখি না।
ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিনির্ভর, রাগে নয়। আমরা সবাই একই পতাকার সন্তান। জয় বা পরাজয়—সব ক্ষেত্রেই লাল-সবুজ যেন গর্বের প্রতীক থাকে, ক্ষোভের নয়।
আমরা লড়ব, আবার ফিরব—দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য। ইনশাআল্লাহ।’
তবে সহানুভূতি চেয়ে করা পোস্টটি উল্টো হয়ে যায় তার বিপক্ষে। তার পোস্টে প্রায় ৯৯ হাজার রিয়েক্টের মধ্যে ৮৪ হাজারের বেশি ছিল ব্যঙ্গাত্মক হাসির ইমোজি, আর অধিকাংশ মন্তব্যই নেতিবাচক।
এদিকে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেনও। তিনি লিখেছেন—
‘আমরা ক্রিকেটার, কিন্তু তার চেয়েও বড় পরিচয় আমরা মানুষ।
জিতলে যেমন ১৭ কোটি মানুষ আনন্দ করে, হারলে কষ্টের দায় শুধু ১১ জনের কেন? কেউ কি ইচ্ছে করে হারে?
আনন্দ ভাগ করে নেওয়া যায়, তবে কষ্টের সময় একটু সহানুভূতি কি দেওয়া যায় না?
কটুকথা না বলে বরং উৎসাহ দেওয়া যায় না? ইনশাআল্লাহ, আগামীতে আমরা আরও ভালো করব। জয়-পরাজয় থাকবে, কিন্তু আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব—১৭ কোটি মানুষের ভালোবাসা, দোয়া আর সমর্থন নিয়েই।’
নাসিরের পোস্টেও প্রায় ৪৪ হাজার রিয়েক্টের মধ্যে ৩২ হাজার ছিল হাসির ইমোজি। সেখানে একইভাবে ক্ষুব্ধ সমর্থকরা তীব্র সমালোচনা করেছেন ক্রিকেটারদের।
খবরওয়ালা/টিএসএন