খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ৮ই আগস্ট ২০২৫, ১১:৪৮ এএম
বরিশালের গৌরনদী থেকে চুরি হওয়া একটি মিনি ট্রাক যশোর থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে তাদের মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে জেলা হাজতে পাঠানো হয়৷
গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুরের ডাসার উপজেলার উত্তর ভাউতলী গ্রামের ফারুক বেপারীর ছেলে হাফিজ বেপারী (৩২), একই উপজেলার পশ্চিম বনগ্রামের সিরাজ শিকদারের ছেলে ফোরকান শিকদার (২২), পশ্চিম পূবালী গ্রামের হালিম ঘরামীর ছেলে সোহেল ঘরামী (২৩) ও শশিকর গ্রামের মৃত কার্তিক চন্দ্র রায়ের ছেলে শুশান্ত রায় (৩৫)।
যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান জানান, বুধবার (৬ আগস্ট) রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোতোয়ালি থানার মুড়ুলী এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।
এ সময় মাদারীপুরের ডাসার উপজেলার ৪ জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তিতে একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
পরে আটক ব্যক্তিরা জানান, গত ৩ আগস্ট বরিশাল জেলার গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের বলরাম পোদ্দারের বাড়ি হতে মিনি ট্রাকটি চুরি করে বিক্রির উদ্দেশে যশোরে নিয়ে আসে চোরচক্র।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেয় গোয়েন্দা পুলিশ। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে ডিবি জানিয়েছে, এ ঘটনার মূলহোতা মাসুদ নামে এক যুবক। সে বর্তমানে পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।
এদিকে মিনি ট্রাক চুরি হওয়ার ঘটনায় এর মালিক ভাষাই সূত্রধর বরিশালের গৌরনদী থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। আইনি প্রক্রিয়া শেষে ট্রাকটি মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
খবরওয়ালা/এমইউ
মন্তব্য