বাবা-ছেলে সেজে ভ্যান ভাড়া নিয়ে পথিমধ্যে চালককে ছুরিকাঘাত করে ছিনতাই

জয়পুরহাটের আক্কেলপুরে যাত্রী সেজে ব্যাটারিচালিত ভ্যানে উঠে বাবা-ছেলে পরিচয়ে ভ্যান ভাড়া নেওয়া দুই ব্যক্তি পথিমধ্যে চালককে ছুরিকাঘাত করে তার ভ্যান ছিনতাই করেছেন।

বুধবার (২৩ জুলাই) রাত ১১টার দিকে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের মাতাপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত ভ্যানচালক নুর আলম (৪৫) আক্কেলপুর পৌর শহরের পশ্চিম আমুট্টা মহল্লার বাসিন্দা। বর্তমানে তিনি আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় হাসপাতালে গিয়ে দেখা যায়, নুর আলমের পিঠে তিনটি জায়গায় ব্যান্ডেজ দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে মারধরের চিহ্ন রয়েছে। তাঁর শয্যার পাশে দাঁড়িয়ে আছেন স্ত্রী ও সন্তানরা।

নুর আলম গণমাধ্যমকে জানান, বুধবার রাত ১০টার পর আক্কেলপুর রেলস্টেশনে তিনি যাত্রী খুঁজছিলেন। রাত ১১টার পর এক ব্যক্তি ও এক কিশোর এসে নিজেদের বাবা-ছেলে পরিচয় দিয়ে ভ্যান ভাড়া নেন। তারা প্রথমে জয়পুরহাট ও পরে জামালগঞ্জ বাজার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ১৫০ টাকা ভাড়া চাইলে তারা ১০০ টাকা দিতে চান, তবে তিনি রাজি হয়ে ভ্যান তুলে নেন। ভাল্কি সেতু পার হওয়ার পর যাত্রীরা গেঞ্জি ফেলেছে বলে ভ্যান থামাতে বলেন। সন্দেহ হওয়ায় নুর আলম গতি বাড়িয়ে লোকালয়ের দিকে যেতে চেষ্টা করেন। এ সময় পেছন থেকে তাকে তিনটি ছুরিকাঘাত করা হয়। ভ্যান থেকে পড়ে গেলে তাঁকে মারধর করে এবং ভ্যান নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা।

নুর আলম বলেন, ‘ভ্যানই আমার উপার্জনের একমাত্র সম্বল। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যদি মারা যেতাম, তবে অন্তত সংসার চালানোর জন্য আর কোনো চিন্তা থাকত না। এখন কেমনে সংসার চালাবো?’

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ভ্যানচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

 

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।