খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১ই জুলাই ২০২৫, ২:৪৮ পিএম
ময়মনসিংহে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর গুলকিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আত্মহননকারী মো. রাকিব (৫০) সেনবাড়ী এলাকার মৃত আলতাফ উদ্দিনের ছেলে। নিহত ওই নারীর নাম রওশন আরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত রাকিব এলাকায় ছিলেন না। এরইমধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাকিব ও তার স্ত্রী রওশনের বিবাহ বিচ্ছেদ হয়। এমতাবস্থায় রওশন দুই মেয়েকে নিয়ে নগরীর গুলকিবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। কিন্তু ডিভোর্স হওয়ার পর তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন রাকিব। সকাল সাড়ে ৬টার দিকে রাকিব ওই ভাড়া বাসায় গিয়ে রওশন আরাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। পরে একই কক্ষে আত্মহত্যা করেন।
গুলকিবাড়ী এলাকাটি কোতোয়ালি মডেল থানাধীন ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদ কামাল বলেন, থানায় খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খবরওয়ালা/এফএস
মন্তব্য