খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: আজ শুরু হওয়া বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বের প্রথম দিনে শ্বাসকষ্টজনিত কারণে ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করেছেন একজন মুসল্লি। ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম দিদার তরফদার (৫৫)। তিনি খুলনা সদরের লবনচরা থানার বাঙ্গালগলি এলাকার মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে।
মোহাম্মদ সায়েম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে দিদার তরফদার খুলনা জেলার ৪১নং খিত্তায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইজতেমা ময়দানে তার জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ইতিহাসে এবারই প্রথম শবেবরাতের রজনিতে হচ্ছে বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভির অনুসারীরা।
খবরওয়ালা/টিএ