খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 18শে শ্রাবণ ১৪৩২ | ২ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
যশোরের অভয়নগরে ব্যবসায়ীকে বালুতে পুঁতে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৩০ জুলাই) অভয়নগর থানায় ও বৃহস্পতিবার (৩১ জুলাই) আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর স্ত্রী মোছা. আসমা খাতুন। তবে থানায় অভিযোগ না নেওয়ার দাবি করেন তিনি।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম শাহনেওয়াজ কবীর টিপু, তিনি নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। অপর দিকে অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির (পদ স্থগিত) সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
আসমা খাতুন অভিযোগে বলেন, গত বছরের ২ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে সৈকত হোসেন ওরফে হিরা নামে এক ব্যক্তি তাঁর স্বামীকে কৌশলে নওয়াপাড়া পৌর বিএনপির (পদ স্থগিত) সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে যান। সেখানে আসাদুজ্জামান তাঁকে মারধর করেন এবং অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা দাবি করেন। এরপর আসমা খাতুন সাউথ বাংলা ব্যাংক থেকে আসাদুজ্জামানের প্রতিষ্ঠানের হিসাবে দুই কোটি টাকা পাঠান। টাকা পেয়ে তাঁরা শাহনেওয়াজ কবীরকে ছেড়ে দেন।
আসমা খাতুন অভিযোগে আরও বলেন, গত বছরের ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে তাঁর স্বামী চলিশিয়া থেকে মোটরসাইকেলে নওয়াপাড়া বাজারে যাওয়ার পথে সৈকত তাঁর পথ রোধ করেন। এরপর বেলা ৩টা পর্যন্ত তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে জানতে পারেন, তাঁর স্বামীকে বিএনপি নেতা আসাদুজ্জামানের কনা ইকোপার্কে নেওয়া হয়েছে। আসমা সেখানে গেলে জনি, সম্রাট হোসেন ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন তাঁর ওপর আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হামলা চালান।
এরপর শাহনেওয়াজ কবীরের বুকপর্যন্ত গর্ত খুঁড়ে বালু চাপা দিয়ে আরও দুই কোটি টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন আসমা খাতুন। তিনি বলেন, এ সময় তাঁর স্বামী ব্যবসায়ী শাহনেওয়াজ বাধ্য হয়ে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ফোন করে টাকা দিতে বলেন। সাংবাদিক মফিজের হিসাব নম্বরে পূবালী ব্যাংক থেকে ৬৮ লাখ ও সাউথ বাংলা ব্যাংক থেকে ৩২ লাখ টাকা পাঠানো হয়। এ সময় সাংবাদিক মফিজ আরও এক কোটি টাকার চেক আদায় করেন। এরপর কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেন।
আসমা খাতুন বলেন, ‘বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ও সাংবাদিক মফিজের নেতৃত্বে কয়েকজন আমার ব্যবসায়ী স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক দফায় চার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আমার স্বামী ভয়ে এলাকাছাড়া। আমরাও চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে। চার শতাংশ জমির ওপর বাড়ি ছাড়া আর কিছুই এখন নেই আমাদের। আমাদের একমাত্র ছেলে বিবিএ পড়ে। ছেলের বউ বিএ পড়ছে। তাদের পরীক্ষার ফরম পূরণ সামনে। সেই ফরম পূরণের টাকা পর্যন্ত এখন আমার কাছে নেই। আমরা একেবারে পথে বসে গেছি। আমি সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে জানতে একাধিকবার বিএনপি নেতা আসাদুজ্জামান জনির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে অভিযুক্ত সাংবাদিক মফিজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনি যাকে খুঁজছেন আমি সে মফিজ না।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
আসমা খাতুন অভিযোগ করেন, ‘সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছি। কিন্তু তিন দিনেও ওখান থেকে কেউ যোগাযোগ করেননি। থানায় গিয়ে ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সব কাগজপত্র দিয়েছি। মৌখিকভাবেও সব জানিয়েছি।’
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে জনির বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সে এখন আমাদের কেউ না। ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায় সম্পর্কে কোনো তথ্য জানা নেই। তার কর্মকাণ্ডে আমাদের দল কোনো দায় নেবে না।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, ‘একটি মৌখিক অভিযোগ পেয়েছি। তবে আপনি ব্যবসায়ী টিপুর স্ত্রীকে বলেন থানায় অভিযোগ দিতে। অভিযোগটি গ্রহণ করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে অভিযুক্ত আসাদুজ্জামান জনি শুক্রবার (০১ আগস্ট) রাত ৯টার দিকে ফেসবুকে লেখেন, ‘বুকে হাত দিয়ে শপথ করে বলছি, আমি সকল ষড়যন্ত্রকারীদের প্রতিশোধ নেবই নেব। আমার সৃষ্টি এক দিনে না, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর আজ আমার এই পরিচিতি, কেউ চাইলে কাচের টুকরার মতো ভেঙে ফেলতে চাইবে, আর আমি সেটা নীরবে মাথা পেতে নেব, এমনটা আমিও নই। ৫ তারিখের পর থেকে আজ পর্যন্ত আমাকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে! আমি ওয়াদা করছি সকল ষড়যন্ত্রকারীর শিকড় পর্যন্ত উপড়ে ফেলব ইনশা আল্লাহ। আমার রাজনৈতিক সকল সহযোদ্ধার নিকট আমার একটাই ম্যাসেজ, কেউ অন্যায়ের কাছে মাথা নোয়াবে না। সব সময় সততার সহিত বুকের সিনা টান টান করে সামনের দিকে এগোতে থাকো। নিশ্চয়ই আমরা একদিন আমাদের সঠিক গন্তব্যে পৌঁছাব এবং সকল বাজে মন্তব্যকে পেছনে ফেলে আল্লাহ ভরসা। সবশেষে, ইট মারলে পাটকেলটি তাকে খেতেই হবে, যদি সেই পর্যন্ত আমার হায়াত থাকে, আমিন।’
খবরওয়ালা/এসআর