খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী শ্যামল কান্ত গোপের থানায় অভিযোগ দায়ের পর স্থানীয় জামায়াত নেতা রেজাউল করিম রিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ছিলেন রিপন। তিনি দীর্ঘদিন উপজেলা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন।
গতকাল শনিবার বিকেলে উপজেলা জামায়াতের কর্মপরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে বহিষ্কার করা হয়।
উপজেলা জামায়াতে আমির মো. লুৎফুর রহমান ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিলাউড়া (মাঝপাড়া) গ্রামের ওয়াজিদ উল্লাহর ছেলে রেজাউল করিম রিপন দীর্ঘদিন ধরে সংগঠনের আনুগত্য, দৃষ্টিভঙ্গি ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় তাঁকে গত ২৭ মে দলের কর্মপরিষদের সভায় সর্বসম্মতভাবে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর তাঁকে সংশোধনের চেষ্টা করা হয়। কিন্তু সাংগঠনিক আনুগত্য ও শৃঙ্খলা-পরিপন্থী কাজ থেকে বিরত না থাকায় আজ শনিবার তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

খবরওয়ালা/এমএজেড