ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, ৩ জন নিখোঁজ

মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় ৩জন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা (১৫), হাবিব মিয়ার ছেলে আবির (৭) ও মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তিনজনই বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালে ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসায় যাচ্ছিল। দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

চর আলগী গ্রামের মোহাম্মদ রাকিব বলেন, এই গ্রামের বাসিন্দাদের একটি মাত্র যাতায়াতের বাহন নৌকা। আর এই নৌকা দিয়েই শত শত শিক্ষার্থীদের মাদরাসায় যেতে হয়। দীর্ঘদিন ধরে এই চর অঞ্চলের মানুষ একটি সেতুর জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু সেই দাবি এখনো বাস্তবায়ন হয়নি। প্রতি বছরই নৌকাডুবির ঘটনা ঘটছে। এরপরও সরকারের দায়িত্বশীলরা এগিয়ে আসছে না।

প্রসঙ্গত, দুর্ঘটনাস্থলটি ময়মনসিংহ জেলার অন্তর্গত হলেও নিখোঁজ শিক্ষার্থীদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।