ভিসির হাতে জুস পান করে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টানা ২৪ ঘণ্টার অনশন অবশেষে শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম অনশনরত শিক্ষার্থীদের পাশে মশারি টাঙিয়ে রাত কাটানোর পর লিখিত প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা অনশন ভঙ্গ করেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শিক্ষার্থীদের চার দফা দাবিতে এই আন্দোলন শুরু হয়। ইংরেজি, গণযোগাযোগ, দর্শন, রসায়ন, অ্যাকাউন্টিং এবং আইন বিভাগের সাতজন শিক্ষার্থী তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর মধ্যরাতে উপাচার্য অনশনস্থলে হাজির হন এবং শিক্ষার্থীদের পাশে মশারি টাঙিয়ে শুয়ে পড়েন।

মৌখিক আশ্বাসে শিক্ষার্থীরা সন্তুষ্ট না হলে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপাচার্য ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন রোডম্যাপ’ নামে একটি লিখিত প্রতিশ্রুতি নিয়ে আবারও তাদের সামনে আসেন।

এই রোডম্যাপে চারটি দাবি পূরণের কথা উল্লেখ করা হয়েছে: ১. আগামী ছয় মাসের মধ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করা। ২. আগামী মঙ্গলবারের মধ্যে বাসের সিটের চাহিদা নির্ধারণ করে বাসের সংখ্যা বাড়ানো। ৩. আগামী রবিবারের মধ্যে আরেকটি অ্যাম্বুলেন্স কেনার জন্য আবেদন জমা দেওয়া। ৪. আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ক্যাম্পাসের জমির পুনর্মূল্যায়ন করা।

লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর শিক্ষার্থীরা উপাচার্যের অনুরোধে সাড়া দেন এবং তার হাতে জুস পান করে অনশন ভঙ্গ করেন।

শিক্ষার্থী সুজয় শুভ জানান, উপাচার্য লিখিত রোডম্যাপ দেওয়ায় তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। অসুস্থ হয়ে পড়া এক শিক্ষার্থী শর্মিলা জামান সেঁজুতিকে তখনও স্যালাইন দেওয়া হচ্ছিল। তবে রাতে অনশন ভাঙার পর ক্যাম্পাসে স্বস্তি ফিরে আসে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল জানান, তাদের কর্মপরিকল্পনা শিক্ষার্থীদের দেওয়া হয়েছে এবং তারা এখন সুস্থ আছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।