খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় এক লাখ টাকা ঋণ না পাওয়ায় মাইক ভাড়া করে এলাকায় কটূক্তি করার ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। তবে কিশোরগঞ্জের সারোয়ার হোসেন রাব্বি অবশেষে তার বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছেন। রাব্বি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়বেন।
আগে সামাজিক মাধ্যমে ‘বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তা মুহূর্তেই ভাইরাল হয়।
জানা যায়, হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রাব্বি। পরিবারের আর্থিক অবস্থা মজবুত করার জন্য সৌদি আরবে যাওয়ার জন্য টাকা জমা দিয়েও এক লাখ টাকার অভাবে যাওয়া সম্ভব হচ্ছিল না। বিভিন্ন উৎস থেকে আর্থিক সহায়তা চাইলেও কেউ টাকা দেননি। এমন অবস্থায় তিনি এনজিওর লোকজনকে বাড়িতে আনেন। প্রথমে তারা রাজি হলেও পরে টাকা দিতে অস্বীকৃতি জানায়।
স্থানীয় কিছু লোকের বাধার অভিযোগে ক্ষিপ্ত হয়ে রাব্বি ৫০০ টাকা দিয়ে মাইক ভাড়া করে গত ১৬ অক্টোবর দুপুরে এলাকাবাসীর দিকে কটূক্তি করেন এবং সেই ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয় এবং বিষয়টি গণমাধ্যমের নজরে আসে।
রাব্বি বলেন, “এর আগেও দু’বার বিদেশ যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে টাকার অভাবে পারিনি। এবারও একই সমস্যা হচ্ছিল। ভিসা থাকলেও টাকার অনিশ্চয়তায় যেতে পারছিলাম না। তাই রাগে মাইক ভাড়া করে কটূক্তি করেছি। এবার না পারলে সব শেষ হয়ে যেত।” তিনি জানান, তিনি বিবাহিত এবং সংসারে স্ত্রী, সন্তান ও মায়ের দায়িত্বও রয়েছে।
রাব্বি গণমাধ্যমকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “আপনারা যদি এই প্রতিবেদন প্রকাশ না করতেন, হয়তো আমার বিদেশ যাত্রা হত না। পরে প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার সঙ্গে যোগাযোগ হয়। ২৩ অক্টোবর ব্যাংক কর্তৃপক্ষ আমাকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে। টিকিটও হাতে এসেছে এবং ৩০ অক্টোবর সৌদি আরব যাত্রা শুরু হবে।”
প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক জানান, সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাংকের নজরে আসে। স্থানীয়দের সহায়তায় রাব্বির সঙ্গে যোগাযোগ করে তার ঋণের কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রথম দুই মাস পর কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ শুরু হবে। ব্যাংক প্রবাসী যাত্রার জন্য আর্থিক সমস্যায় পড়লে তাদের সহায়তা নিতে উৎসাহ দিয়েছে।