খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ই জুলাই ২০২৫, ২:৪৪ পিএম
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষার্থী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছুটি পাচ্ছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের একাধিক চিকিৎসক। আজ শনিবার যেকোন সময় তাদের অভিভাবকের কাছে দেওয়া হবে।
এই প্রথম মাইলস্টোনের কোনো শিক্ষার্থী চিকিৎসা শেষে বাড়ি ফিরছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা। যারা হাসপাতাল থেকে ছুটি পাচ্ছে তাদের একজনের নাম রাফসি। অন্য জনের নাম আয়ান। এদের দুজনের বয়স ১২ বছর। তবে তারা কে কোন ক্লাসে পড়ে তা চিকিৎসকদের জানা নেই।
এই দুই শিশু শিক্ষার্থীর চিকিৎসায় যুক্ত আছেন ইনস্টিটিউটের চিকিৎসক অধ্যাপক ফোয়ারা তাসমীম। বেলা একটায় তিনি বলেন, ‘রাফসি ও আয়ানের পোড়া তুলনামূলকভাবে কম ছিল। তাদের জটিলতাও তেমন ছিল না। তাই তাদের ছুটি দেওয়া হচ্ছে। এ ছাড়া শিশু দুটি নিজেরাই বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব।’ দেশি-বিদেশি চিকিৎসকেরা এই দুজনকে ছুটি দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন।
দুপুরে জাতীয় বার্ন অন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে শিক্ষার্থী দুজনের ছুটি দেওয়ার প্রস্তুতি চোখে পড়ে। কর্তৃপক্ষ চাচ্ছে, বড় ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই শিক্ষার্থী দুজনকে ছুটি দেওয়া হবে।
খবরওয়ালা/ এমএজেড
মন্তব্য