বাংলাদেশের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে একটি বিরল মাইলফলকের কাছে পৌঁছেছেন। আন্তর্জাতিক লাল বলের ক্রিকেটে তিনি ইতিমধ্যে ৯৮টি ম্যাচ খেলেছেন। আর মাত্র দুটি ম্যাচ খেললেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচের কীর্তি গড়বেন মুশফিক। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য ঘটনা।
নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে বিসিবি। দ্বিতীয় টেস্টটি ১৯ নভেম্বর হবে, যেখানে নিশ্চিতভাবেই মুশফিকের শততম টেস্ট অনুষ্ঠিত হবে। ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে আইরিশ দল। তবে এখনও বাংলাদেশের টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি; চলতি সপ্তাহে বিসিবি সিদ্ধান্ত জানাবে।
প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ঢাকায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট, যা মুশফিকের শততম টেস্ট হিসেবে চিহ্নিত হবে। বিসিবি এই ম্যাচকে কেন্দ্র করে বড় পরিকল্পনা হাতে নিয়েছে।
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘একশো টেস্ট খেলা বিরাট অর্জন। এটি আমাদের দেশের প্রথম এবং অবশ্যই উদযাপনযোগ্য। শুধু বোর্ড নয়, ক্রিকেটভক্তরাও এটি উদযাপন করবেন।’
৩৮ বছর বয়সী মুশফিক এখন পর্যন্ত ৯৮টি টেস্টে ১২টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটির মাধ্যমে ৬৩২৮ রান করেছেন, গড়ে ৩৮.১০। টেস্টে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড বাংলাদেশের সাবেক অধিনায়ক মুমিনুল হকের, যিনি ৭৩টি ম্যাচ খেলেছেন। এছাড়া সাকিব আল হাসান ৭১, তামিম ইকবাল ৭০ এবং মোহাম্মদ আশরাফুল ৬১টি টেস্ট খেলেছেন।
টেস্ট সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে চলে যাবে। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
খবরওয়ালা/টিএসএন



