সন্তান জন্মদানের মাত্র ১৭ ঘণ্টা আগে জানতে পারলেন তিনি গর্ভবতী

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ২০ বছর বয়সী শার্লট সামার্স সম্প্রতি এমন এক বিরল অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যা অনেকের কাছে অবিশ্বাস্য শোনালেও এটি সত্য—সন্তান প্রসবের মাত্র ১৭ ঘণ্টা আগে তিনি জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। চিকিৎসা পরিভাষায় এই অবস্থা পরিচিত ক্রিপটিক প্রেগন্যান্সি নামে, যেখানে গর্ভাবস্থার প্রায় কোনো লক্ষণ দেখা যায় না।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, গত জুনে শার্লট একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু এর আগে তিনি কেবল ওজন কিছুটা বাড়া ও পোশাকের সাইজ বড় হওয়া ছাড়া আর কিছুই টের পাননি। এসব পরিবর্তন তিনি ভেবেছিলেন মানসিক চাপ বা সম্পর্কের কারণে হয়ে থাকতে পারে।

শার্লট বলেন,

“আমি তখনো সাইজ ৮-এর পোশাক কিনছিলাম। কিছুটা মোটা হয়েছি ভেবেছিলাম, কিন্তু সেটা নিয়ে চিন্তিত ছিলাম না। আমি নিয়মিত জন্মনিয়ন্ত্রণ পিল খেতাম এবং আমার মাসিকও স্বাভাবিক ছিল তাই গর্ভাবস্থা বুঝতেই পারিনি।

৬ জুন তিনি গ্লুটেন সেনসিটিভিটির জন্য এক চিকিৎসকের কাছে গেলে, পরীক্ষার পর তাকে জানানো হয়, তিনি গর্ভবতী—এবং তা ৩৮ সপ্তাহ ৪ দিন!

আচমকা খবর শুনে হতবাক শার্লটকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আল্ট্রাসাউন্ডে দেখা যায়, শিশুর আশপাশে অ্যামনিয়োটিক ফ্লুইড নেই, ফলে দ্রুত লেবার ইন্ডিউস করতে হয়। সেদিন রাতেই তার পানি ভেঙে যায়, আর মাত্র দুই ঘণ্টার মধ্যে সন্তান জন্ম দেন তিনি।

শার্লট বলেন, “আমি মাত্র সাত মিনিট পুশ করেছিলাম, এরপরই আমার ছেলে জন্ম নেয়। তখনও আমার কাছে সব কিছু স্বপ্নের মতো লাগছিল। গর্ভধারণ জানার ১৭ ঘণ্টা ২১ মিনিট পর আমি মা হয়ে গেলাম।

চিকিৎসকদের ভাষ্যমতে, ক্রিপটিক প্রেগন্যান্সি এমন এক অবস্থা, যেখানে গর্ভাবস্থার প্রচলিত লক্ষণ যেমন পিরিয়ড বন্ধ হওয়া, পেট ফোলাভাব, বাচ্চার নড়াচড়া এসব অনুপস্থিত থাকে। ফলে অনেক নারী বুঝতেই পারেন না যে তারা গর্ভবতী।

জার্মানির বার্লিনে পরিচালিত এক গবেষণা অনুযায়ী, প্রতি ৪৭৫টি গর্ভাবস্থার মধ্যে একটি ২০ সপ্তাহ পর্যন্ত গোপন থাকে, আর প্রতি ২,৫০০টির মধ্যে একটি সন্তান জন্মের আগ পর্যন্তও ধরা পড়ে না।

শার্লট সামার্সের এই অপ্রত্যাশিত মাতৃত্ব অভিজ্ঞতা এখন আলোচনার কেন্দ্রে যেখানে বিজ্ঞানের এক জটিল বাস্তবতার মুখোমুখি হয় এক তরুণী, মাত্র ১৭ ঘণ্টায় মায়ের পরিচয় পেয়ে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।