সালিশি বৈঠকে যুবক খুনের ঘটনায় আটক ৫

বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নে পারিবারিক সালিশি বৈঠকে আব্দুর রহমান (২৩) নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান ওই এলাকার মৃত মজু মিয়ার ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন।

আটককৃতরা হলেন—চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার ফিরোজ চেয়ারম্যান বাড়ির মো. কামালের তিন ছেলে মো. সোহেল মিয়া (২৩), মো. রিয়াজ উদ্দিন (২২), মো. জাহেদ (৩০) এবং তার স্ত্রী হালিমা বেগম (৫০) এবং সালমা বেগম।

ইউপি সদস্য ছৈয়দুর রহমান জানান, আব্দুর রহমানের বড়ভাই আব্দুর শুক্কুরের সঙ্গে তার স্ত্রী মিনুয়ারা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার রাতে স্থানীয় আজিজ মেম্বারের দোকানের সামনে সালিশি বৈঠক হওয়ার কথা ছিল।

বৈঠক শুরুর আগেই মিনুয়ারার তিন ভাই আব্দুর রহমানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তিনজন মিলে তাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহে একজন নিহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।