খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ই সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৬ পিএম
সিলেটে ছাত্রলীগের এক কর্মীর হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবার এই ঘটনায় ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত প্রায় ১০টার দিকে নগরের লাক্কাতুরা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাহাত হোসেন (২৪) নগরীর বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রাহাতের বাবা ফারুক বলেন, ‘গতকাল আমার ছেলের এক বন্ধুর বাবা মারা গেছে। এজন্য রাহাত তার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে কয়েকজন হেমলেট পরা লোক এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাত ও পায়ের রগ কেটে যাওয়ার পাশাপাশি পায়ের হাড্ডি ভেঙে গেছে। রাহাতের বাম হাতের দুটি আঙ্গুল আলাদা হয়ে গেছে। তার সারা শরীরে আঘাত করা হয়েছে। সন্ধ্যার দিকে তার অস্ত্রোপচার করা হবে।’
রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন জানিয়ে তার বাবা আরও বলেন, ‘প্রায় আট থেকে নয় মাস আগে পাড়ায় জামায়াত ও শিবিরের লোকজনের সঙ্গে রাহাতের ঝামেলা হয়েছিল। পরে বিষয়টি পাড়ার মুরুব্বীরা বসে সমাধান করেন। পূর্ব শত্রুতার জেরে তারা এ হামলা করেছে।’
হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবিরের সিলেট মহানগরের সভাপতি শরীফ মাহমুদ বলেন, ‘ডাকসু নির্বাচনের জন্য আমরা ব্যস্ত ছিলাম। আমি কেন্দ্রে আছি। তবে কিছু হলেই ছাত্রশিবিরের নাম বলা হয়; এগুলো ভিত্তিহীন। এটি মিথ্যা অভিযোগ।’
সিলেট বিমানবন্দর থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় একদল লোক রাহাতের ওপর হামলা চালায়। এ সময় তার দুই পা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা। তবে কারা এই হামলা চালিয়ে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ওসি আরও বলেন, ‘আহত যুবক হামলাকারীদের চিনতে পারেননি বলে জানিয়েছেন। তবে তার পরিবার বলছে, এ বিষয়ে তারা পরে জানাবে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’
খবরওয়ালা/শরিফ
মন্তব্য