খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল। শুক্রবার (২৮ নভেম্বর) এই তথ্য প্রকাশ করা হয়।
জেলা প্রশাসনের মিডিয়া সেলের বরাতে জানানো হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী, যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় সিলেট-ঢাকা-সিলেট রুটের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়া কাঠামোর অধীনে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,০২৪ (দুই হাজার চব্বিশ) টাকা, যা ট্যাক্সসহ ৩,১৯৯ (তিন হাজার একশ নিরানব্বই) টাকায় উঠবে।
সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭,০২৪ (সাত হাজার চব্বিশ) টাকা, যা ট্যাক্সসহ ৮,১৯৯ (আট হাজার একশ নিরানব্বই) টাকায় পৌঁছাবে। নতুন ভাড়া কাঠামো অনুযায়ী যাত্রীদের আর্থিক বোঝা কিছুটা কমেছে, যা বিশেষ করে নিয়মিত যাত্রী এবং পর্যটকদের জন্য সহায়ক হবে।
জেলা প্রশাসন জানিয়েছে যে, এই পরিবর্তনের মাধ্যমে যাত্রীদের ভ্রমণ সুবিধা বাড়ানো এবং বাজারের চাহিদা অনুযায়ী ভাড়া সমন্বয় করা হয়েছে। যাত্রীরা আশা করতে পারেন যে, নতুন ভাড়া কাঠামোর ফলে সেবা মান এবং যাত্রীসন্তুষ্টি আরও উন্নত হবে।