সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র ‘সুড়ঙ্গ’ মঞ্চে নিয়ে আসছে এথিক

কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র ‘সুড়ঙ্গ’ নাটকটি মঞ্চে নিয়ে আসছে এথিক নাট্যদল। ২৩ মে সন্ধ্যা ৭টায় ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে সুড়ঙ্গ নাটকের উদ্বোধনী প্রদর্শনী।

নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সহযোগী নির্দেশক মনি কানচন। নাটকটির প্রযোজনা অধিকর্তা রেজানুর রহমান।

নাটকের কাহিনি আবর্তিত হয়েছে রাবেয়াকে ঘিরে। দুইদিন পর তার বিয়ে অথচ সে বিছানায় শয্যা নিয়েছে। ডাক্তার, হেকিম কেউ তার অসুখ ধরতে পারে না। মাতৃহারা মেয়ের জন্য দুশ্চিন্তায় বাবা রেজ্জাক সরদার অতিশয় উদ্বিগ্ন। অবশেষে মুশকিল আসান হয়ে আসে এক ফকির বাবা, যাকে দেখে অবাক হয় রাবেয়া। কিন্তু রহস্য ভাঙে না।

যে রহস্যের রোমাঞ্চে নিজের বিয়ের আয়োজন উপেক্ষা করে অসুস্থতার ভান করে ঘরে পড়ে আছে সে, আর শুয়ে শুয়ে শুনছে সুড়ঙ্গ খোঁড়ার শব্দ। মাটির নিচের অন্ধকারের রহস্য ভেদ করে ধীরে ধীরে তার ঘরে এগিয়ে আসছে এক রহস্যমানব। রোমাঞ্চ আর উত্তেজনায় অবশেষে সবাই মুখোমুখি হয় এক কঠিন সত্যের।

নির্দেশক মিন্টু সরদার বলেন, ‘ধনসম্পদের প্রতি মানুষের লোভ চিরকালের। অন্যের সম্পদ নিজের করে নেওয়ার প্রবৃত্তি আদিকাল থেকে চলমান। হোক তা বৈধ কি অবৈধ উপায়ে। হোক সে দূরের অথবা কাছের লোক। কিন্তু সম্পদ কি সবাইকে সব সময় ধরা দেয়? গুপ্তধন কি জোটে সবার ভাগ্যে? এমনই বিষয় ফুটে উঠেছে নাটকে এক ষোড়শী কন্যার কৌতূহলী ভাবনার জগতের ভেতর দিয়ে।’

সুড়ঙ্গ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মাহফুজ আফনান অপ্সরা, প্রদীপ কুমার, মনি কানচন, সুকর্ন হাসান, আজিম উদ্দিন, রেজিনা রুনি, নাহিদ মুন্না, ঊর্মি আহমেদ, দীপান্বিতা রায়, রুবেল খানসহ আরও অনেকে। মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম, আলোক পরিকল্পক ঠাণ্ডু রায়হান, আবহ সংগীত করেছেন শিশির রহমান, পোশাক ও রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময় এবং কোরিওগ্রাফি করেছেন এম আর ওয়াসেক।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।