খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই ২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় মেয়ের বাড়িতে যাওয়ার পথে স্ত্রীর সামনে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন সোলেমান কাজী (৭০) নামে এক বৃদ্ধ।
শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বালিয়াচরা খালের পাশে রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত সোলেমান কাজী উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী একত্রে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। নিহত সোলেমান কাজী একজন শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় রেললাইনের পাশ দিয়ে বয়স্ক দম্পত্তি যাচ্ছিলেন। বালিয়াচড়া মাদরাসা মাঠে আসার সময় ট্রেনের ধাক্কায় রাস্তার পাশে পড়ে যান তিনি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন,মেয়ের বাড়িতে স্বামী-স্ত্রী মিলে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে স্ত্রীর সামনেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে স্বামীর। এটি রেল পুলিশের আওতায়, তাদের খবর দেওয়া হয়েছে। রেল পুলিশের কর্মকর্তারা এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
খবরওয়ালা/টিএস