খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এবার সেই নির্বাচনকে কেন্দ্র করে নতুন ঘোষণা দিয়েছে জাবি প্রশাসন। প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগে মেয়াদোত্তীর্ণ অছাত্রদের হল ত্যাগ করতে হবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কথা বলা হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো হলে মেয়াদোত্তীর্ণ কোনো শিক্ষার্থী অবস্থান করতে পারবেন না। জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই মেয়াদোত্তীর্ণ সব শিক্ষার্থীকে হল ছেড়ে দিতে হবে। এক হলের শিক্ষার্থী অন্য হলে অবস্থান করতে পারবেন না। সবাইকে নিজ নিজ হলে অবস্থান করতে হবে।
এ ছাড়া হলের বিভিন্ন কক্ষে অবস্থানকারী শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে লিখিতভাবে জানানোর জন্য হল প্রশাসনকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খবরওয়ালা/জেআর