খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়া ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. শাহাদত হোসেনের অপসারণ দাবিতে অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তোপের মুখে পরে সেনাবাহিনী সদস্যরা অধ্যক্ষকে উদ্ধার করেন। এদিকে অবরোধের বিরোধিতা করায় শিক্ষার্থীদের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটেছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অবরোধ করে রাখা হয়।
শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের একটি দল অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে, সেশন ফি ও বেতন বাড়ানোর প্রতিবাদে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। এরপর তারা বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে। বিকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে এক প্রতিনিধি সমাধানে এগিয়ে এলেও পরে ফিরে যান। এরপর বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অধ্যক্ষ শাহাদত হোসেন তার কক্ষে অবরুদ্ধ ছিলেন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
এদিকে, শিক্ষার্থীদের আরেকটি দলকে অধ্যক্ষের পক্ষে অবস্থান নিতে দেখা যায়। এসময় দুপক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় পুলিশ এবং অভিভাবকরা পরিস্থিতি সামাল দেন।
অধ্যক্ষ মো. শাহাদত হোসেন জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগ সত্য নয় এবং বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে বিষয়টির সমাধান করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন জানিয়েছেন, ‘বিধি মোতাবেক বেতন ও সেশন ফি কমানো হবে। অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানে যাবেন না।’
খবরওয়ালা/জেআর