সাঈদীর কবর জিয়ারত করতে যাওয়া দুই বাস দুর্ঘটনার কবলে, নিহত ৩, আহত ৫০

রাজশাহী থেকে সাঈদীর কবর জিয়ারত এবং ‘শিক্ষা সফরের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া জামায়াত নেতাকর্মীদের বহনকারী দুই বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৫০জন।

রোববার (৬ এপ্রিল) রাত ১২টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি বাজার এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজশাহী-নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নাসিম আলী (৩২), জুয়েল রানা (২৮) ও মিজানুর রহমান (২৬)।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, রানিহাটি ইউনিয়নের ‘শিক্ষা সফরে’র অংশ হিসেবে দুটি বাসে করে রওনা দেয় চাঁপাইনবাবগঞ্জ জেলার জামায়াতে ইসলামীর একটি দল। তাদের গন্তব্য ছিল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত।

পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের দুটি বাসের সংঘর্ষ হয়। এতে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর অপর বাস ও ট্রাক সড়কের ওপর মুখোমুখি অবস্থায় ছিল।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, রাতে ট্রাক-বাসের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।