‘ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি’: বগুড়ায় ফের দিগন্ত ডায়াগনস্টিক সিলগালা ও জরিমানা

নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগে বগুড়ার দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে সিলগালা ও ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে যৌথবাহিনী।

রবিবার (৪ মে) দুপুরে সদরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম ও সেনাবাহিনীর বগুড়া ক্যাম্পের ক্যাপ্টেন জানে আলম সাদিফ। উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক।

জেলা প্রশাসন জানায়, শজিমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দালাল চক্রের মাধ্যমে ফুসলিয়ে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হতো। সেখানে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে রোগীদের কাছ থেকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হতো। অভিযানে এসব অভিযোগের সত্যতা মেলে।

অভিযানে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সিলগালা করে দেওয়া হয়। একইসঙ্গে দালাল চক্রের মাধ্যমে নেওয়া ছয়জন রোগীর কাছ থেকে আদায় করা ১২ হাজার টাকা তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দেওয়া হয়।

এ ছাড়া ভুয়া রিপোর্টের ভিত্তিতে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে চিকিৎসক ডা. আবু আহমেদ ফয়সালের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে একই ধরনের অভিযোগে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয় এবং ২০২৪ সালে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।