খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই ২০২৫
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন শেয়ার করেছেন জয়া আহসান অভিনীত নতুন হিন্দি সিনেমা ‘ডিয়ার মা’-এর ট্রেলার। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও সত্যি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই ছবির ট্রেলার শেয়ার করে তিনি লেখেন,“টনি দা, সবসময়ের জন্য আমার শুভেচ্ছা থাকবে। ‘টনি দা’ বলে তিনি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীকে উদ্দেশ করে শুভকামনা জানান। এর মাধ্যমে ছবির প্রতি তাঁর আন্তরিক সমর্থন ও আগ্রহ প্রকাশ পায়।
অমিতাভ বচ্চনের এমন উষ্ণ সমর্থনে বিস্মিত জয়া আহসান নিজেও সেই পোস্ট পুনরায় শেয়ার করে লিখেছেন— ‘শুক্রবারটা শুরু হলো হাসিমুখে। অমিতাভ বচ্চন স্যার, আপনার আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।”

‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। ৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন ফুটে উঠেছে সংবেদনশীল ভঙ্গিতে। এই ছবিতে জয়া মায়ের চরিত্রে অভিনয় করেছেন। ‘রক্তের সম্পর্ক না ভালবাসার টান?’ এটা হলো ‘ডিয়ার মা’ সিনেমার ট্যাগলাইন।
খবরওয়ালা/এমএজেড