খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫
বরিশালের উজিরপুরে পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম খান (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে বরাকোঠা ইউনিয়নের পশ্চিম খাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহ আলম খান ওই এলাকার সিকদার বাড়ির বাসিন্দা। তার ছেলে শাহারিয়ার শিমুল (৩৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। পারিবারিক বিরোধের জেরে শিমুল তার বাবাকে ধারালো দা দিয়ে গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই শাহ আলম খানের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বাবা ও ছেলের মধ্যে মাদকের বিষয় নিয়ে প্রায়ই বাকবিতণ্ডা হতো। রবিবার সকালেও তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। পরে দুপুরে সেই ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
ঘটনার পর এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় শাহ আলম খানের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়রা শাহারিয়ার শিমুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
প্রতিবেশী শামসুল হক বলেন, “ছেলেকে মাদক থেকে ফিরিয়ে আনতে বাবা বহু চেষ্টা করেছিলেন। কিন্তু শিমুল প্রায়ই মাদক কেনার জন্য বাবার কাছে টাকা চাইত। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝামেলা হতো। আজও তেমনি এক ঝগড়ার সময় শিমুল দা দিয়ে কোপ মেরে বাবাকে হত্যা করে।”
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, “ঘটনার পরপরই অভিযুক্ত শিমুলকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/টিএসএন