কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি) উন্নয়নে বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১,৮৩০ কোটি টাকা।
রোববার (৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ-সংক্রান্ত ঋণচুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদির সিদ্দিকী এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং।
চুক্তি সই অনুষ্ঠানে হো ইউন জিয়ং বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক বহুমুখীকরণ ও দক্ষ মানবসম্পদ গঠনে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যন্ত্রকৌশল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, তথ্যপ্রযুক্তি, সিভিল ইঞ্জিনিয়ারিং ও কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।”
‘টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং টিচার্স ফর দ্য ফিউচার প্রোগ্রাম’ নামে এই প্রকল্প ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত বাস্তবায়িত হবে। মোট ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৭৪ লাখ ডলার, যার মধ্যে ১৫ কোটি দেবে এডিবি এবং বাকি অর্থ বাংলাদেশ সরকার বহন করবে। এডিবির এই ঋণ ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে, বার্ষিক সুদের হার ২ শতাংশ।
ইআরডির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ প্রকল্পের মাধ্যমে ১০ হাজার টিভিইটি শিক্ষকের দক্ষতা উন্নয়ন হবে, যার ইতিবাচক প্রভাব পড়বে প্রায় ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর ওপর। পাশাপাশি সারাদেশে পেশাগত প্রশিক্ষণের একটি জাতীয় কাঠামো গড়ে তোলা হবে।
খবরওয়ালা/আশ



