খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম নগরের খুলশী থানা কম্পাউন্ডে পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টিভির রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাতের ওপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলামের হামলার অভিযোগ উঠেছে।
রোববার বিকেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর দাবি, ডিসি আমিরুল ইসলাম সাংবাদিক জোবায়েদকে ‘ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে থানার ভেতরে নিয়ে গিয়ে মারধর করেন এবং গুমের হুমকি দেন।
জানা যায়, শনিবার রাতে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে একটি কনসার্টে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর সংবাদ সংগ্রহে খুলশী থানায় যান যমুনা টিভির রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমন। সেখানে আটক ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলার সময় ডিসি আমিরুল ইসলাম তাদের বাধা দেন।
বাকবিতণ্ডার এক পর্যায়ে সাংবাদিক জোবায়েদকে থানার সেকেন্ড অফিসারের কক্ষে নিয়ে গিয়ে থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তিনি জানান, ডিসি তাকে বলেন, *‘তুই ফ্যাসিস্ট, আমি তোরে মারি নাই, শয়তানকে মারছি।’*
এ সময় অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে সাংবাদিক জোবায়েদকে উদ্ধার করেন। পরে ঘটনাটি জানাজানি হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) থানার সামনে তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।
এর পর বিকেল ৪টায় নগরের কাজির দেউড়ি মোড়ে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এতে জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা অংশ নেন।
চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন) এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “সাংবাদিকদের ওপর পুলিশের এই হামলা গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ ও নাগরিক অধিকার লঙ্ঘনের শামিল।”
বক্তারা দোষী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও ভুক্তভোগী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা সতর্ক করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনে যাবে চট্টগ্রামের সাংবাদিক সমাজ।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ডিসি আমিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
খবরওয়ালা/আশ