প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে এমা জিতল ‘নিশি’

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাওয়ার্ড (এমা)-এর স্টুডেন্ট ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। এটি প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্রের এমা জয়, যা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

১১ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসের রেডফোর্ড স্টুডিও সেন্টার-এ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার ঘোষণার পর ছবিটির প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, এই অর্জনের মাধ্যমে ‘নিশি’ এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের মধ্যে স্থান পেয়েছে।

ছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম রাব্বানী, সহপরিচালক জহিরুল ইসলাম। প্রতিক্রিয়ায় রাব্বানী বলেন,

‘সত্যিই খবরটা আনন্দের। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে পুরস্কার জিতেছে আমাদের নিশি। এই অ্যাওয়ার্ডে প্রথমবার কোনো বাংলাদেশি ছবি এই পুরস্কার অর্জন করল। এটা বাংলা ছবির ইতিহাসে এক গৌরবময় অর্জন। এই প্রাপ্তি আমার সিনেমা জার্নিকে আরও বেগবান করবে। সিনেমায় আমি প্রাণ প্রকৃতির গল্প বলে যেতে চাই সব সময়।’

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনোস্ক ঢাকা-এর সহযোগিতায় নির্মিত হয়েছে ছবিটি। গল্পে দেখা যায়—একজন চা শ্রমিকের কন্যা সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যায় পানির সংকটের কারণে। বাড়িতে একটি টিউবওয়েল বসানোর নাম করে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। ছবিটিতে অভিনয় করেছেন নিশি, বিশ্বজিৎ, গণেষ ও ভারতী।

পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে, যা বাংলাদেশের জন্য আরেকটি প্রথম অর্জন। এখানেই হয়েছে ছবিটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ। ছবিটির চিত্রগ্রহণে ছিলেন এই ফিল্ম স্কুলের প্রাক্তনী নাতালিয়া পুসনিক। পুরো ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে সিলেটের একটি চা বাগানের বিভিন্ন লোকেশনে।

গোলাম রাব্বানী জানান, ছবিটি বর্তমানে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হচ্ছে। পাশাপাশি শিগগিরই বাংলাদেশের দর্শকদের জন্যও ‘নিশি’-র প্রদর্শনীর আয়োজন করা হবে।

এর আগে গোলাম রাব্বানীর নির্মিত ‘ছুরত’ ও ‘আনটাং’ চলচ্চিত্র যথাক্রমে ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন পেয়েছিল।

চলচ্চিত্রপ্রেমীদের মতে, ‘নিশি’-র এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের পরিবেশভিত্তিক সিনেমা নির্মাণে নতুন অনুপ্রেরণা যোগাবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।