খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না চূড়ান্তভাবে ঘোষণা দেননি, তবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা যৌথ আয়োজিত টুর্নামেন্টে তাঁর মাঠে নামার সম্ভাবনা প্রবল। আর্জেন্টিনার ফিটনেস গুরু ফার্নান্দো সিগনোরিনির বিশ্বাস, দেশের শিরোপা ধরে রাখার অভিযানে মেসির উপস্থিতি অপরিহার্য।
তাঁর মতে, বিশ্বকাপের আগে এমএলএস থেকে দীর্ঘ বিরতি নেওয়াই আর্জেন্টিনা অধিনায়কের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইন্টার মায়ামিতে মেসি যেভাবে খেলছেন, তা প্রকৃত ফুটবল নয়; বরং ফুটবলের একটি প্রহসন মাত্র।
ম্যারাডোনার ঘনিষ্ঠ সহচর সিগনোরিনি সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে জানান, মেসির মতো খেলোয়াড়ের এখন একটিমাত্র লক্ষ্য থাকা উচিত—২০২৬ বিশ্বকাপ। তাঁর মতে, ম্যারাডোনা বেঁচে থাকলে মেসিকে বলতেন, “বিশ্বকাপকে তোমার প্রধান অগ্রাধিকার হিসেবে ধরে নাও।”
মেসি আগেই জানিয়েছেন, বিশ্বকাপ খেলবেন কি না তা সম্পূর্ণ নির্ভর করে তাঁর মানসিক ও শারীরিক অবস্থার ওপর। সিগনোরিনি মনে করেন, সেই অবস্থাকে উন্নত করতে হলে মেসিকে টুর্নামেন্টের কয়েক মাস আগেই সম্পূর্ণ বিচ্ছিন্নতায় যেতে হবে। তাঁর দাবি, দীর্ঘ ছুটিতে গেলে শরীর-মন ক্লান্তি ঝেড়ে ফেলতে পারে, আর খেলার প্রতি ভিতরের ক্ষুধা আরও বাড়বে।
২০২৩ সালে ইন্টার মায়ামির সঙ্গে যুক্ত হওয়া মেসি সম্প্রতি ক্লাবটির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। কিন্তু সিগনোরিনি মনে করেন, এমএলএসের খেলার ধরন বিশ্বকাপের মতো প্রতিযোগিতার জন্য যথাযথ প্রস্তুতি দিতে পারে না। তাঁর ভাষায়, ইন্টার মায়ামির স্টেডিয়ামে তিনি আসল ফুটবল খুঁজে পাননি।
তিনি আরও বলেন, বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত এমএলএসে খেলতে থাকলে ইউরোপে খেলে আসা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মেসির ব্যবধান তৈরি হবে, যা আর্জেন্টিনার পক্ষে ক্ষতিকারক হতে পারে। তাই তাঁর পরামর্শ—মেসিকে অবশ্যই বিশ্বকাপকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিজের শক্তি বণ্টন করতে হবে।
খবরওয়ালা/এজে