কোস্টগার্ডের গাড়িতে হামলা, আসামি ছিনতাই চেষ্টার ঘটনায় ৫ জন আটক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ‘মনসুর বাহিনীর’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটে, তবে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গুলি, ১৫টি ফাঁকা কার্তুজ এবং ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— আবু নছর চৌধুরী (৪৪), আবদুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) এবং মো. সোহেল (২১)। তারা সবাই সরল ইউনিয়নের বাসিন্দা।

কোস্টগার্ড সূত্র জানায়, ‘কুখ্যাত মনসুর বাহিনীর’ সদস্যরা দীর্ঘদিন ধরে স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। এর প্রেক্ষিতে কোস্টগার্ড ওই এলাকায় নজরদারি বাড়ায় এবং বৃহস্পতিবার ভোরে অভিযান চালায়।

অভিযান চলাকালে একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্টগার্ডের গাড়িতে হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে কোস্টগার্ড সদস্যরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা মো. সিয়াম-উল-হক জানান, আটক সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।