ফলাফল দেখে ভেঙে পড়ল প্রভা, নিজ ঘরে গলায় ফাঁস

দুই বিষয়ে ফেল—এই খবর শোনার পরই ভেঙে পড়ে এসএসসি পরীক্ষার্থী প্রভা আক্তার। 

স্বপ্নভঙ্গের যন্ত্রণা যেন সহ্য করতে পারেনি সে। ফলাফল প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ১৭ বছরের এই কিশোরী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামে ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা।

প্রভা বুড়িচংয়ের ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। তার বাবা মোস্তফা কামাল কর্মসূত্রে কাতার প্রবাসী। মেয়ের মৃত্যুর খবর শুনে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন প্রভার দাদা জাহাঙ্গীর আলম।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের পর প্রভা জানতে পারে সে দুই বিষয়ে ফেল করেছে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সে। কিছু বুঝে ওঠার আগেই নিজের ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

ঘটনার পর পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বলছেন, “একটা পরীক্ষার ফল এমন একটা নির্মম পরিণতি ডেকে আনবে—ভাবা যায় না!”

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারটিকে মানসিকভাবে সহায়তা দিতে প্রশাসন পাশে থাকবে।”

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সানজিদ রহমান বলেন,“কিশোর-কিশোরীরা ফলাফল নিয়ে গভীর চাপ ও ভয় নিয়ে বাঁচে। পরিবার ও শিক্ষকদের উচিত আগেই তাদের মানসিক প্রস্তুতি ও সহানুভূতির আবহ তৈরি করা।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।