কেন্দুয়া সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে চলছে ‘নাটক’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: কেন্দুয়া সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদের নিয়োগ নিয়ে চলছে চরম নাটকীয়তা। গত মঙ্গলবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক কলেজ-১ মুহাম্মদ শফিউল বশর স্বাক্ষরিত এক পত্রে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয় কলেজের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শফিউল আলমকে।

আবার ওইদিন বিকেলেই তারই স্বাক্ষরিত অপর একটি পত্রে পূর্বের নিয়োগ বাতিল করা হয়। কলেজের তৃতীয় শ্রেণির এক কর্মচারী বলেন, ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে শিক্ষকদের মধ্যে গ্রুপিং তৈরি হয়েছে। কলেজের অধ্যক্ষ না থাকায় এর প্রভাব পড়ছে ৭৯ শিক্ষক-কর্মচারীর উপরে। নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না তারা।

জানা যায়, কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর অবসরে যান কয়েক মাস আগে । তার স্থলে জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ পান জাহাঙ্গীর হোসেন তালুকদার। তিনিও গত ৩১ ডিসেম্বর অবসরে যান।

অভিযোগ রয়েছে, এক মাস আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জন্য শিক্ষকদের তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানোর কথা থাকলেও তিনি অবসরে যাওয়ার দুই দিন আগে সাতজন শিক্ষকের একটি তালিকা পাঠান। এতে শফিউল আলমকে জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে এক নম্বরে নাম লিপিবদ্ধ করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে শিক্ষদের মধ্যে ২-৩টি ভাগ হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ শিক্ষক জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য শফিউল আলম। বিধি মোতাবেক গত ৪ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক কলেজ-১ মুহাম্মদ শফিউল বশর এক চিঠিতে শফিউল আলমকেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগের কথা জানান। কিন্তু অদৃশ্য কারণে ওইদিন বিকেলেই তাঁর স্বাক্ষরিত অপর একটি পত্রে শফিউল আলমের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদের নিয়োগ বাতিল করা হয়।

এ ব্যাপারে বক্তব্য জানতে সহকারী পরিচালক মুহাম্মদ শফিউল বশরের অফিসের ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

সহকারী অধ্যাপক শফিউল আলম বলেন, ‘গত ৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে সহকারী পরিচালক কলেজ-১ মুহাম্মদ শফিউল বশর স্বাক্ষরিত এক পত্রে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু বিকেলেই আবার নিয়োগ বাতিল করা হয়’  কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এটি কর্তৃপক্ষই ভালো জানেন। যেহেতু সেখান থেকে বাতিল করা হয়েছে, কেন বাতিল করা হয়েছে, তা তারাই ভালো বলতে পারবেন।’

খবরওয়ালা/এমএ জেড

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।