অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
কুড়িগ্রামের রৌমারীতে চোর সন্দেহভাজন আটক করতে গিয়ে থানার সরকারি পিকআপ ভ্যানের চাবি চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা হরিণধরা পূর্বপাড়া গ্রামের কুয়েত প্রবাসী জহিরুল ইসলামের বাড়ি চুরি হয়ে গেলে চোর আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী পরিবার সন্দেহভাজন ৫ জনকে চুরির অভিযোগে আটক করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে আটকদের থানায় নিয়ে যান।
এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানের চাবি চুরি হয়। পিকআপ চালাতে না পারায় থানার ওসি সরকারি গাড়ি এনে আটকদের থানায় নিয়ে যান।
চাবি চুরি হওয়া পিকআপ ভ্যান দীর্ঘ তিন ঘণ্টা ওই এলাকায় আটকা পড়ে। পরে থানা থেকে পাঠানো লোকজন খোঁজাখুঁজি করে পাশের একটি জঙ্গল থেকে চাবি উদ্ধার করে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘চুরির অভিযোগে সন্দেহভাজন আটকদের আনার সময় দেখতে পায় পিকআপ ভ্যানের চাবি চুরি হয়েছে। পরে অনেক খোঁজাখুঁজি করে ঘটনাস্থলের পাশের জঙ্গল থেকে চাবিটা পাওয়া যায়।’
খবরওয়ালা/শরিফ