খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই ২০২৫
অচেনা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে। এ খবরে বিমানবন্দরে শুরু হয় চরম সতর্কতা। ফ্লাইটটিকে জরুরি ভিত্তিতে থামিয়ে প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলে নিবিড় তল্লাশি। তবে শেষ পর্যন্ত বিমানে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি।
ঘটনাটির পর তদন্তে নামে র্যাব। শনিবার (১২ জুলাই) দুপুরে কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব ডিজি বলেন, তদন্তে উঠে এসেছে, একটি পারিবারিক বিরোধ থেকেই এই ভুয়া বোমা হুমকির জন্ম। এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে কাঠমান্ডু যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানতে পারেন তার স্ত্রী ও মা। পরে ছেলেকে আটকাতে এবং সেই প্রেমিকা যাতে তার সঙ্গে যেতে না পারে, সেজন্য ছেলের মায়ের পক্ষ থেকে এক বন্ধুদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে ফোন দিয়ে জানানো হয়— ফ্লাইটে বোমা আছে।
র্যাব ডিজি আরও বলেন, এ ধরনের ভুয়া তথ্য শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সময় ও সম্পদ অপচয় করে না, বরং যাত্রীদের নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।
খবরওয়ালা/এমএজেড