ডেঙ্গুতে শিক্ষার্থীর মৃত্যুর পর বিক্ষুব্ধরা রাবি মেডিকেলের নাম ‌দিলো ‘নাপা সেন্টার’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মৌমিতা বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর পর চিকিৎসা কেন্দ্রের অব্যবস্থাপনা ও প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ তুলে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের নাম পরিবর্তন করে ‌‘নাপা সেন্টার’ লিখে ব্যানার টাঙিয়ে দেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন এবং মিছিল নিয়ে মেডিকেল সেন্টারে যান।

এ সময় বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্দ্রা বলেন, মৌমিতার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা মনে করি প্রশাসনের অব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার অভাবেই তার মৃত্যু হয়েছে।

মেডিকেল সেন্টারে গেলে চিকিৎসক পাওয়া যায় না, সেবাও খুব সীমিত। প্রশাসন যদি আমাদের চিকিৎসাসহ সবে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারত, তাহলে আজ হয়তো মৌমিতার মৃত্যু হতো না।

তিনি আরও বলেন, বড় বড় হাসপাতালের সঙ্গে সমঝোতা হচ্ছে, অথচ শিক্ষার্থীদের কাজে তা আসছে না। মৌমিতার মৃত্যুর দায় প্রশাসনকে নিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং হলে ও ক্যাম্পাসে মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

একই বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ নাঈম বলেন, জ্বর নিয়ে মৌমিতা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়েছিলেন, চিকিৎসা না পেয়ে কুষ্টিয়ায় নেওয়া হয়। তখনই জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

তিনি আরও বলেন, এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা দায়িত্বহীনতার ফল। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবায় শৃঙ্খলা ফিরুক, মশা নিধনে কার্যকর উদ্যোগ নেওয়া হোক এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করা হোক।

ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম বলেন, মৌমিতার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। প্রশাসনের পক্ষ থেকে মশা নিধন ও মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। চিকিৎসকরা যেন শিক্ষার্থীদের সঙ্গে ভালোভাবে ব্যাবহার করে ও ভালো মানের চিকিৎসা দেয়, সেই ব্যাবস্থা করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপির দাবিগুলো নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।