সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গ করে এবং দলের নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, রবিবার সকালে উদয় কুসুম বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের “সন্ত্রাসী” আখ্যা দিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। তিনি ভিডিওটির সঙ্গে লেখেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সন্ত্রাসী কর্তৃক জোবরা গ্রামে হামলা।” তার বিরুদ্ধে হামলায় ইন্ধন দেওয়ারও অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে উসকানিমূলক বক্তব্য দিতে দেখা যায়।
খবরওয়ালা/টিএসএন



