নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে: মঈন খান

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে মন্তব্য করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, স্বাভাবিক হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি।’

বুধবার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ‘গণতান্ত্রিক উত্তরণ: অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন—বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠন ছিল ‘ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ’।

মঈন খান বলেন, ‘৫ আগস্ট যদি সত্যিই নির্বাচনের দিন ঘোষণা করা হয়, তবে সেটা যে মাসেই নির্বাচন হোক না কেন, তা নিয়ে এত ভাবনার কারণ নেই।’ পিআর পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, এই পদ্ধতিতে জনগণ একটি দলকে ভোট দেয়, কোনো ব্যক্তিকে নয়। এটি দেশের সামাজিক অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ হবে না।

তিনি বলেন, ‘অন্য দেশের সঙ্গে আমাদের সামাজিক অবস্থা এক নয়। পিআর পদ্ধতি এখানে কার্যকর করা যাবে কি না, তা নিয়ে ভাবতে হবে। যারা এই দাবি তুলেছেন তাদের উচিত জনগণের ওপর জরিপ পরিচালনা করা।’

সংস্কার প্রসঙ্গে মঈন খান বলেন, শুধু নির্বাচিত সরকারেরই সংস্কার করার অধিকার রয়েছে। সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ নিয়ে ভাবার সময় এসেছে। তাদের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে, তা নিয়েও চিন্তা করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। যতটুকু না করলেই নয়, ততোটুকু সংস্কার করা উচিত।

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। নির্বাচন অক্টোবরে হওয়া উচিত বলে মনে করেন তিনি। তিনি বলেন, পিআর পদ্ধতি ভালো হলেও এখন তা সময়োপযোগী নয়।

সেমিনারে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন ২৬টি দেশে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যকাল, সফলতা ও ব্যর্থতা নিয়ে গবেষণার বিবরণ তুলে ধরেন। গবেষণায় দেখা যায়, ২৬টি দেশের মধ্যে ১৬টি দেশই খুব স্বল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করেছে। এতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দ্রুত সংস্কার কার্যকর করা সম্ভব হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।