পাঁচ ঘণ্টা পর খুলনার সঙ্গে স্বাভাবিক হলো রেল চলাচল

চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেল স্টেশনের কাছে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে দেশের অন্যান্য এলাকার রেল চলাচল বন্ধ ছিল প্রায় পাঁচ ঘণ্টা। শুক্রবার (৪ জুলাই) বিকেলে দুর্ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার কাজ শেষ হলে যোগাযোগ পুনরায় স্বাভাবিক  হয়।

রেল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে খুলনাগামী মালবাহী একটি ট্রেন উথলী স্টেশনের ক্রসিং অতিক্রম করে মেইন লাইনে ওঠার সময় শেষের একটি বগি (বিশ্রামঘর হিসেবে ব্যবহৃত অংশ) হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনাস্থল ছিল মূল লাইনের ওপর দর্শনা অভিমুখী- যা স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে।

এতে খুলনার সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই পাকশী রেল বিভাগের একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত বগিটি অপসারণ করা হয়।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু রায় বলেন, দুর্ঘটনার পরই পাকশী রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালান। বর্তমানে খুলনার সাথে সকল ট্রেন স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলাচল করছে।

দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে এ সময় বিভিন্ন স্টেশনে থাকা একাধিক যাত্রীবাহী ট্রেন আটকে পড়ে যাত্রীদের ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।

খবরওয়ালা/টিএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।